দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ধনসম্পদের পরিমাণ অন্যান্যদের তুলনায় ছিল প্রায় নগন্য। রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি।
দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ধনসম্পদের পরিমাণ অন্যান্যদের তুলনায় ছিল প্রায় নগন্য। রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও সম্পদের নিরিখে অন্যান্যদের তুলনায় অনেকটাই পিছিয়ে। দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। দেশের মোট ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। নির্বাচনী হলফনামা অনুযায়ী শুভেন্দুর মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার টাকা। বিজেপি নেতার মোট অস্থাবর সম্পত্তি ২৪ লক্ষ ৫৭ হাজার টাকা ও স্থাবর সম্পত্তি ৬১ লক্ষ ৩০ হাজার টাকা।
মোট সম্পদের দিক থেকে শুভেন্দুর চেয়েও পিছিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যন্ত্রী ওমর আবদুল্লা। ওমরই দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার টাকা। অন্যদিকে দেশের ধনীতম মুখ্যমন্ত্রীর তালিকায় রয়েছেন কর্ণাটকের ডিকে শিবকুমার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪১৩ কোটি টাকারও বেশি।
এডিআর জানিয়েছে, ৩১ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ১১৮ কোটি টাকারও বেশি। পাশাপাশি ৩১ জনের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি ধারায় মামলা রয়েছে।
