Skip to main content
Source
Bengali Hindusthan Samachar
Date

প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা

কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ । সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, দ্বিতীয় দফার লড়াইয়ে থাকা প্রার্থীদের মধ্যে ৩৩৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২৩ শতাংশ।

এদিন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় এই পরিসংখ্যান সম্বলিত রিপোর্টটি প্রকাশ করেন। রিপোর্টে জানানো হয়েছে, দ্বিতীয় দফার মোট ১,৪৪৮ জন প্রার্থীর মধ্যে ১,৪৪৫ জন হলফনামা জমা দিয়েছেন। তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্য অসম্পূর্ণ থাকায় বনগাঁ উত্তরের অশোক কুমার রায়, নোয়াপাড়ার অর্জুন সিং এবং শ্যামপুরের অসিত বরণ সাউ— এই তিন প্রার্থীর হলফনামা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়নি।

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ৩৩৮ জন অভিযুক্ত প্রার্থীর মধ্যে ২৯৫ জনের বিরুদ্ধেই রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। শতাংশের হিসেবে ২০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে এমন অপরাধমূলক অভিযোগ রয়েছে যা আইনের দৃষ্টিতে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচিত। দলগত বিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিজেপির ১৪১ জন প্রার্থীর মধ্যে ৯২ জন তাঁদের বিরুদ্ধে মামলা থাকার কথা হলফনামায় স্বীকার করেছেন। সমসংখ্যক প্রার্থী দেওয়া তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই সংখ্যাটি ৪২। অন্যদিকে, সিপিআই(এম)-এর ১০০ জন প্রার্থীর মধ্যে ৪২ জন এবং কংগ্রেসের প্রার্থীদের মধ্যে ৩০ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় দফায় ৭টি জেলার ১৪২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে ভোটারদের সচেতন করতেই এই পরিসংখ্যান জনসমক্ষে আনা হয়েছে।


abc