দেশের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিসংখ্যান নিয়ে প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ রিপোর্ট। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু ভারতের ধনীতম মুখ্যমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৯৩১ কোটি টাকা। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে দরিদ্র, যার মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লাখ টাকা।
চন্দ্রবাবু নায়ডুর পর দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তাঁর মোট সম্পত্তির মূল্য ৩৩২ কোটি টাকা। ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় এঁরা ছাড়াও রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং আরও কয়েকজন।
মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তাঁর সরল জীবনযাত্রার জন্য পরিচিত। মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি নিজের পুরনো বাড়িতে থাকছেন। মমতা নিজের প্রাক্তন সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পেনশন গ্রহণ করেন না। মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবেও তিনি পূর্ণ বেতন তোলেন না; মাসে মাত্র ১ টাকা বেতন নেন। তাঁর সংসার চলে বই ও গানের রয়্যালটির টাকায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসার কারণ তাঁর ত্যাগী জীবনধারা। নিজের ব্যক্তিগত চাহিদা কমিয়ে জনসেবার দিকে মনোনিবেশ করেছেন তিনি। এই সরল জীবনযাত্রা শুধু ভারত নয়, বিশ্বজুড়ে নজর কেড়েছে।
এই তালিকা দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর সম্পত্তির বিশদ তথ্য প্রকাশ করেছে। দেখা গিয়েছে, ধনী মুখ্যমন্ত্রীরা যেখানে কয়েক শ কোটি টাকার মালিক, সেখানে মমতার মতো নেত্রীদের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা।
