Skip to main content
Source
ABP Bengali
Author
deepm
Date

ADR Report : রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ১৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৩৮ জন (২৩ শতাংশ) প্রার্থী তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসের কথা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের জন্য মনোয়নম জমা দিয়েছেন ১ হাজার ৪৪৫ জন প্রার্থী। এরমধ্যে প্রায় ২৩ শতাংশ প্রার্থীই জানিয়েছেন, তাঁদের নামে রয়েছে ফৌজদারি মামলা। অন্যদিকে, ২২ শতাংশ প্রার্থী নিজেদের কোটিপতি বলে ঘোষণা করেছেন। এমনই তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্টে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ১৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৩৮ জন (২৩ শতাংশ) প্রার্থী তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসের কথা জানিয়েছেন। আবার, ২৯৫ জন (২০ শতাংশ) প্রার্থী গুরুতর ক্রিমিনাল কেসের কথা উল্লেখ করেছেন। ১৬ জন প্রার্থী জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে খুনের মামলা আছে। ৮০ জনের বিরুদ্ধে আছে খুনের চেষ্টার অভিযোগ।

এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, প্রধান দলগুলিতে বিজেপির ১৪১ জন প্রার্থীর মধ্যে ১০২ জন (৭২ শতাংশ), তৃণমূল কংগ্রেসের ১৪২ জন প্রার্থীর মধ্যে ৪৯ জন (৩৫ শতাংশ), সিপিএম-এর ১০০ জন প্রার্থীর মধ্যে ৫১ জন (৫১ শতাংশ) এবং কংগ্রেসের ১৪২ জন প্রার্থীর মধ্যে ৩৭ জন (২৬ শতাংশ) তাঁদের নির্বাচনী হলফনামায় নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন। 

এডিআর অনুযায়ী, ১৪২টি আসনের মধ্যে ৬৩টি (৪৪ শতাংশ) রেড অ্যালার্ট আসন, যেখানে তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ১,৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৩২১ জনের (২২ শতাংশ) ১ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ রয়েছে। সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী, প্রধান দলগুলির মধ্যে তৃণমূলের ১৪২ জন প্রার্থীর মধ্যে ১০৩ জন (৭৩ শতাংশ), বিজেপি-র ১৪১ জন প্রার্থীর মধ্যে ৭৩ জন (৫২ শতাংশ), কংগ্রেসের ১৪২ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন (২৫ শতাংশ) এবং সিপিএম-এর ১০০ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন (৩৩ শতাংশ) ১ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এবার দুই দফায় হবে বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট হবে। মোট ২৯৪টি আসনে ভোট হবে মাত্র ২ দফায়, যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা বটে ! প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। ফল ঘোষণা করা হবে ৪ মে, সোমবার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ হয়েছিল। সেই তুলনায় এবারের ২ দফার নির্বাচন অনেক বেশি সংক্ষিপ্ত এবং দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতে চলেছে।


abc