Skip to main content
Source
Bengali Oneindia
Author
Subhadip Roy
Date

Maharashtra Assembly Election 2024: বুধবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট। মহারাষ্ট্রে মোট প্রার্থীদের এক তৃতীয়াংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে বলে দাবি রিপোর্টে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) রিপোর্টে দাবি, মোট ৪ হাজার ১৩৬ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ১৯৯ জন অর্থাৎ ২৯ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে।

সর্বভারতীয় ও রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলির প্রার্থীদের মধ্যে বেশিরভাগেরই বিরুদ্ধে ফৌজদারি মামলা (Criminal Case) রয়েছে বলে দাবি রিপোর্টে। সর্বভারতীয় দলগুলির প্রার্থীদের ৪৫ শতাংশ ও রাজ্যস্তরের দলগুলির প্রার্থীদের ৬০ শতাংশের আদালতে বিচারাধীন মামলা (Pending Cases) রয়েছে বলে জানা গিয়েছে।

দলভিত্তিক পরিসংখ্যানও দেওয়া হয়েছে রিপোর্টে। ফৌজদারি মামলায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। বিজেপির ১৪৯ জন প্রার্থীর মধ্যে ৬৮ শতাংশের বিরুদ্ধেই চলছে ফৌজদারি মামলা। ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে উদ্ধব ঠাকরের শিবসেনা। তাদের প্রার্থী সংখ্যার ৬৬ শতাংশেরই বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। কংগ্রেসের ৫৯ শতাংশ ও শরদ পাওয়ারের এনসিপির ৫১ শতাংশ প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। রিপোর্টে এও জানানো হয়েছে, ফৌজদারি মামলার অধিকাংশ নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের (Crime against Women) দরুণ। ৫০ শতাংশ প্রার্থীই এই দোষে দুষ্ট। ৬ জন প্রার্থী খুনের মামলা (Murder Cases) ও ৩৯ জন প্রার্থী খুনের চেষ্টার মামলায় (Attempt to Murder) অভিযুক্ত।

রিপোর্টে সবচেয়ে ধনী প্রার্থীদের (Wealthy Candidates) তালিকাও প্রকাশ করা হয়েছে। মোট প্রার্থীদের ৩৮ শতাংশ অর্থাৎ ৮২৯ জন প্রার্থীকে কোটিপতি উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তালিকায় শীর্ষে রয়েছেন ঘাটকোপার ইস্টের বিজেপি প্রার্থী পরাগ শাহ। হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৩ হাজার ৩৮৩ কোটির সম্পত্তির হিসেব দিয়েছেন তিনি।

এরপর রয়েছেন পানভেলের বিজেপি প্রার্থী প্রশান্ত ঠাকুর। প্রায় ৪৭৫ কোটির সম্পত্তির হিসেব দিয়েছেন তিনি। মালাবারের বিজেপি প্রার্থী মঙ্গল প্রভাত লোধ হলফনামায় ৪৪৭ কোটি সম্পত্তি উল্লেখ করেছেন। তালিকার একেবারে শেষের দিকে নির্দলদের ২৬ জন প্রার্থীর নাম রয়েছে। সম্পত্তির পরিমাণ শূন্য বলে উল্লেখ করেছেন তারা।


abc