Skip to main content
Source
Zee News
Author
SUDESHNA PAUL
Date

দেশের প্রতি ১০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ৪ জনই ফৌজদারি মামলায় অভিযুক্ত! রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০ জন বর্তমান মুখ্যমন্ত্রীর জমা দেওয়া হলফনামাতেই উঠে এসেছে এই তথ্য। যেখানে দেখা যাচ্ছে, ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১২ জন মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলায় অভিযুক্ত (Chief Ministers face criminal cases)। তারমধ্যে ১০ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপহরণ, ঘুষ এবং ভয় দেখানোর মতো গুরুতর অপরাধ রয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR Reort)-এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে । 

এর মধ্যে শীর্ষে রয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ৮৯টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তারপরই রয়েছেন তামিলনাড়ুর এম কে স্ট্যালিন। স্ট্যালিনের বিরুদ্ধে রয়েছে ৪৭টি মামলা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে ১৯টি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে ১৩টি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধেও ৪টি করে মামলা রয়েছে। ওদিকে কেরালার পিনারাই বিজয়নের নামে ২টি ও পাঞ্জাবের ভগবন্ত মানের নামে ১টি মামলা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সংসদে তিনটি বিল পেশ করেছে। যাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী, কোনও মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যদি ৩০ দিন বা তার বেশি সময় ধরে জেল হেফাজতে থাকেন অথবা কমপক্ষে ৫ বছরের কারাদণ্ড হতে পারে, এমন শাস্তিযোগ্য অভিযোগে অভিযুক্ত হন, তবে তারা নিজেদের পদ থেকে আপনাআপনি অপসারিত হয়ে যাবেন।

কেন্দ্রীয় সরকারের তরফে এই পদক্ষেপকে রাজনীতি থেকে অপরাধ দূর করার পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। যদিও বিরোধীরা একে অবিজেপি  রাজ্যগুলিকে অস্থিতিশীল করার "ঘৃণ্য" প্রচেষ্টা বলে নিন্দা করেছে। এখন এই এডিআর রিপোর্ট সামনে আসতেই বিল বিতর্ক যে নয়া মাত্রা পেতে চলেছে, তা বলাই বাহুল্য। এডিআর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই হলফনামাগুলি সংশ্লিষ্ট নেতারা তাঁদের শেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে দাখিল করেছিলেন।

 


abc